
বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের কলারণ গ্রামে আগুনে পুড়ে একটি রান্নাঘর ভষ্মিভূত হয়ে গেছে। পূর্ব শত্রুতার জের ধরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। অগ্নিকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী বিশ্বনাথ দে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামের বাসিন্দা বিশ্বনাথ দে (৫৫) পরিবারের সদস্যদের নিয়ে গত ২৯ অক্টোবর পার্শ্ববর্তী পোয়াইল গ্রামের অনুষ্ঠিত কীর্ত্তন শুনে দিবাগত রাত ১টার দিকে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রান্নাঘরে পুড়তে থাকা বাঁশের ঘিরা ফোটার শব্দ শুনে তার ছেলে মৃনাল দের ঘুম ভাঙ্গলে তিনি অগ্নিকাণ্ডের বিষয়টি টের পান। তার শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিশ্বনাথ দে’র দাবি, তাদের ক্ষতিসাধন করা উদ্দেশ্যে কে বা কাহারা রাতের আধারে পরিকল্পিতভাবে এই অগ্নিকান্ড ঘটিয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে না আসলে আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে বড় ধরনের ক্ষতি হতে পারতো। সময় মতো ফায়ার সার্ভিসের লোকজন আসায় বড় ধরনের ক্ষতি হয়নি। আগুনে বিশ্বনাথ দে’র ২০/২৫ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে।