
বোয়ালমারী প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে রায় সাহেব ঈশান চন্দ্র ঘোষ ৮ দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। টুর্নামেন্টটির উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু । উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করে যশোরের কাজীপাড়া স্পোর্টিং ক্লাব ও পাশ্ববর্তী মধুখালী উপজেলার রাজিব স্পোর্টিং ক্লাব। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে খেলা শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন- ফ্যাসিস্ট সরকার শুধু রাষ্ট্রীয় অবকাঠামোই নয় এদেশের যুবসমাজকেও ধ্বংস করেছে। তাদের নেতাকর্মীদের দিয়ে পাড়া মহল্লায় গড়ে তুলেছিল মাদকের আস্তানা। এই যুব সমাজকে রক্ষায় আবার ব্যাপকভাবে খেলাধুলার চর্চা ফিরিয়ে আনতে হবে। আসুন মাদককে না বলি, পাড়ায় পাড়ায় ফুটবল/ক্রিকেট টিম গড়ে তুলি। মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলাকে তরাণ্বিত করতে হবে।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের (অব) সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক প্রফেসর মো. শাহিনুল ইসলামের সঞ্চালনায় খেলায় অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিমুদ্দিন মিয়া মিলু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, বিএনপি নেতা খান মফিজুর কাদের মিল্টন, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, জাসাসের সাবেক সভাপতি শাহিন আনোয়ার।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ডা. আব্দুর সবুর বাচ্চু, ময়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শিকদার, অধ্যাপক আবুল কালাম আজাদ, আলহাজ্ব সাইফুল ইসলাম ফুল মিয়া, তপন কুমার দাস, মো. রুহুল আমিন মুন্সি, মো. সুবাহান মোল্যাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় রাজিব স্পোর্টিং ক্লাব ৩-২ গোল ব্যবধানে যশোর কাজীপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়। আশপাশের কয়েক হাজার দর্শনার্থী খেলা উপভোগ করেন।