বোয়ালমারী প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় বোয়ালমারী আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্রঅধিকার পরিষদের যৌথ আয়োজনে বোয়ালমারী থানা রোডস্থ কার্যালয় থেকে মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আনন্দ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলিমুজ্জামান বাবলু শরীফ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, ফরিদপুর জেলা ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক নয়ন নিলয়, ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ খান, উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, পৌর গণঅধিকার পরিষদ নেতা মো. মনির হোসেন, শ্রমিক অধিকার পরিষদ নেতা জুয়েল ভান্ডারী, ফরিদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদ নেতা মো. সোহেল প্রমুখ।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণ অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির কাছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নুরুল হক নুর শপথ গ্রহণ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী হন নুরুল হক নুর। ট্রাক প্রতীকে ৭৩ হাজার ৯৩৪টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে ৪৭ হাজার ৯৫০ ভোট পেয়েছেন।
এর আগে আওয়ামী লীগের শাসনামলে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আলোচনায় এসেছিল নুরুল হক নুর। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নির্বাচনে ছাত্রলীগ সভাপতিকে হারিয়ে তিনি ভিপি (ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছিলেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.