বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কৃতি সন্তান এম. এম. শামসুল আজম লন্ডনের মেইজব্রুক ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার ঘোষপুর ইউনিয়নের রতনদিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পিতা মরহুম তছির আহমেদ মিয়া ও মাতা মরহুম মোছা. সালেহা বেগম। ৮ ভাই-বোনের মধ্যে তিনি ৩য়। শামসুল আজম ২০০৩ সালে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যান। শিক্ষা জীবন শেষ করে দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় কমিউনিটির উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে যুক্ত রয়েছেন। ২০১৩ সালে তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন।
নির্বাচনে জয়লাভের পর শামসুল আজম বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি মেইজব্রুকের সকল বাসিন্দার বিজয়। আমি আপনাদের সেবা করতে এবং এলাকাকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “আমি যেখান থেকে এসেছি—বোয়ালমারী, ফরিদপুর—সেই মাটির প্রতি আমার গভীর মমতা রয়েছে। প্রবাসে থেকেও আমি বাংলাদেশের মান-সম্মান বৃদ্ধিতে কাজ করে যাব।”
তার এই সাফল্যে যুক্তরাজ্যস্থ বাংলাদেশি কমিউনিটি এবং বোয়ালমারী-ফরিদপুরের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.