মিয়া রাকিবুল: ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামবাংলার হারিয়ে যাওয়া চিরায়ত ঐতিহ্য পুনরুদ্ধারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ডিঙি নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট। এ উপলক্ষ্যে স্থানীয় মধুমতি নদীর বাঁওড় পাড়ে বসেছিল প্রাণবন্ত গ্রাম্য মেলা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া এলাকার মধুমতি নদীর বাঁওড়ে এ ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়। বাইচ দেখতে দুপুর থেকেই শিশু-কিশোর, নারী-পুরুষ সহ নানা বয়সের হাজারো মানুষের ঢল নামে। করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা, সৃষ্টি হয় আনন্দমুখর পরিবেশ। রাতের আলোয় আয়োজন করা হয় চারদলীয় হাডুডু টুর্নামেন্টের।
বাইচ শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গোপালপুর ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. মোনায়েম খান। তিনি বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. মোনায়েম খান বলেন, আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার হাজার বছরের প্রাচীন খেলাধুলা ও লোকজ সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। অপসংস্কৃতি থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং চিরায়ত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখতে নিয়মিত এমন ক্রীড়া উৎসব ও মেলার আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.