রুবেল বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি: গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখতে ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত হয়েছে ভেলা ও চাড়ি বাইচ প্রতিযোগিতা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা ও গুনবহা গ্রামকে সংযুক্তকারী সেতু সংলগ্ন বারাশিয়া নদীতে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভেলা ও চাড়ি বাইচকে ঘিরে বারাশিয়া নদীর দুই পাড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বিপুলসংখ্যক মানুষ প্রতিযোগিতা দেখতে নদীর পাড়ে জড়ো হন। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে নদীর দুই পাড় পরিণত হয় মিলনমেলায়। ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে নদীর তীরে বসে বিভিন্ন খাবারের দোকান ও শিশুদের খেলনার দোকান। ফলে প্রতিযোগিতার পাশাপাশি পুরো এলাকায় তৈরি হয় গ্রামীণ মেলার আবহ।
ভেলা ও চাড়ি বাইচের পাশাপাশি আয়োজনে ছিল হাঁস ধরা, কলাগাছ বেয়ে ওঠা, মহিলাদের চেয়ার সিটিং প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় অংশ নেন স্থানীয় প্রতিযোগীরা। একের পর এক প্রতিযোগিতা দেখতে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব খেলাধুলা ও আয়োজন আমাদের লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার প্রভাবে হারিয়ে যেতে বসা এসব ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন। এর মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ হবে, অন্যদিকে শিশু-কিশোর ও তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার প্রকাশক ও সম্পাদক অ্যাড. কোরবান আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শহীদউদ্দিন মিয়া দিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, দপ্তর সম্পাদক মহসিন আলম চানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.