বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী কাজী পাড়ায় অবস্থিত 'বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমী'তে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল, বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম রকিবুল হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার নাঈম। এ সময় ফরিদপুর ও বোয়ালমারী জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই বাউল কবি কাজী লুৎফর রহমান বয়াতী তাঁর নিজের লেখা স্বাগত গান পরিবেশন করেন। তাঁর আধ্যাত্মিক ও লোকজ সুরের মূর্ছনায় উপস্থিত অতিথিসহ শ্রোতারা মুগ্ধ হন। কবি লুৎফর রহমানের লেখা জনপ্রিয় বিচ্ছেদ গান পরিবেশন করেন লোকসংগীত শিল্পী সরদার ওলিয়ার রহমান ও হোসেন বয়াতী।
গানের সঙ্গে বাদ্যযন্ত্রে সংগত করেন ঢোলে শহিদ মিয়া, হারমোনিয়ামে ওহিদ মিয়া, জুড়িতে নুরু মিয়া, দোতরায় জিল্লু মাস্টার এবং বাঁশের বাঁশিতে ওলিয়ার রহমান ও একতারায় ছিলেন চারণকবি সহদেব সরকার। দেশীয় বাদ্যযন্ত্রের চমৎকার মেলবন্ধন ও শিল্পীদের সুনিপুণ পরিবেশনায় অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিল্পীদের প্রশংসা করেন এবং তাঁদের উৎসাহিত করতে আর্থিক উপহার প্রদান করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা গ্রামীণ লোকসংস্কৃতির গুরুত্ব তুলে ধরে বলেন, "আমাদের শিকড় হচ্ছে এই ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। নতুন প্রজন্মের মাঝে এই সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে এবং আমরা সবসময় এই একাডেমীর পাশে থাকবো।"
পরিশেষে বাউল কবি কাজী লুৎফর রহমান বয়াতী অনুষ্ঠানে আসার জন্য প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনকে আন্তরিক সালাম, শ্রদ্ধা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.