রুবেল বিশ্বাস: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌর মেয়র প্রার্থী ও পৌরসভার বার বার নির্বাচিত সাবেক কাউন্সিলর বিএনপি নেতা শেখ আজিজুল হক। এ সময় তিনি প্রতিটি পূজামণ্ডপের সার্বিক খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন নগদ অর্থ সহায়তা। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে শেখ আজিজুল হক বলেন, "পৌরসভার প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে আমরা এখানে সব ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে আসছি। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব যাতে সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে এবং নিরাপদে উদযাপন করতে পারেন, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকতে হবে। পৌর এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বা বিশৃঙ্খলা রোধে দল-মত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। আমি সর্বদা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।"
মণ্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতা শেখ আজিজুল হকের সাথে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, যুবদল নেতা বোয়ালমারী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি সাদমান পাপ্পু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহবাজ মিয়া, যুবদল নেতা পলাশ মিয়া দুখু, টুটুল শেখ, ছাত্রদল নেতা কাজী সাব্বির আহমেদ, মুজাহিদ শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.