বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন ও কর্মী ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে দীর্ঘদিনের আদর্শিক প্রশিক্ষণ ও আত্মগঠনের প্রক্রিয়া শেষে ১৩২ জন সহযোগী সদস্যকে সংগঠনের 'কর্মী' হিসেবে ঘোষণা করা হয়। নতুন এই কর্মীদের একাংশ আগে থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং অপর অংশ বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসে সংগঠনটিতে যোগ দিয়েছেন।
উপজেলা জামায়াতের আমীর হাফেজ বিলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আমীর ইমতিয়াজ উদ্দিন আহম্মেদ। উপজেলা সেক্রেটারি কামাল উদ্দীন ও পৌর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলীর যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা শহিদুল ইসলাম এবং বোয়ালমারী পৌর আমীর সৈয়দ নিয়ামুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ইমতিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, আদর্শ কর্মী হতে হলে সাংগঠনিক পরিচয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও নৈতিক উৎকর্ষ অর্জন জরুরি। ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে আল্লাহভীতিকে প্রাধান্য দিয়ে সমাজে ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি আরও জানান, অতীতের ফ্যাসিবাদী প্রবণতার পুনরাবৃত্তি রোধ এবং নতুন যেকোনো ফ্যাসিবাদী অপতৎপরতা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কাজ করার জন্য তিনি নতুন কর্মীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে নতুন কর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং এলাকার জনকল্যাণমূলক কাজে সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.