আলফাডাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত ‘ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN)’ প্রকল্পের অবহিতকরণ সভা এবং ‘উপজেলা সমন্বয় কমিটি (UCC)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন’-এর সহযোগিতায় সভাটির আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মহাবুবুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জোবায়ের হাবিব।
সভায় অন্যান্যের মধ্যে EARN প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ ইকবাল কবির, প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে EARN প্রকল্পের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং তৃণমূল পর্যায়ে এর কার্যক্রম বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়া উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন এবং নবগঠিত উপজেলা সমন্বয় কমিটির (UCC) ভূমিকা ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনের সম্মিলিত সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আলফাডাঙ্গায় প্রকল্পটির কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.