
স্টাফ রিপোর্টার: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর ২০২৬ জাতীয় যুব দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে বোয়ালমারী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। কর্মসূচিতে ছিল প্রথমদিন; যুব র্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এসএম রকিবুল হাসান নিজ হাতে ১৩ জন যুবককে ১৫ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করেন। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নান্নু মিয়া। সঞ্চালনায় ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন কৃষি অফিসার আলভীর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা শওকত আলী ও বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা প্রমুখ। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ২ নভেম্বর প্রশিক্ষণ উদ্বোধন, ৩ নভেম্বর ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ও আলোচনা, ৪ নভেম্বর যুব সংগঠন কর্তৃক মাছের পোনা অবমুক্ত, ৫ নভেম্বর প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ, ৬ নভেম্বর বৃক্ষরোপন, ৭ নভেম্বর মাদক বিরোধী জনসচেতনতামূলক অনুষ্ঠান।