
ফরিদপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’-এর ১৭তম দিনে ফরিদপুরে অনুষ্ঠিত পদযাত্রায় হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিাবার (১৭ জুলাই) দুপুর দুইটার দিকে ফরিদপুর শহরের সার্কিট হাউজ এলাকা থেকে শুরু হয় এই পদযাত্রা। কর্মসূচিতে ফরিদপুর-১ আসনের এনসিপি মনোনয়ন প্রত্যাশী হাসিবুর রহমান অপু নেতৃত্ব দেন।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সার্কিট হাউজ থেকে পদযাত্রা শুরু হয়ে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
এদিন দুপুর পৌনে দুইটার দিকে খুলনা থেকে গাড়িবহরসহ ফরিদপুরে এসে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পদযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন দলের আহবায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহবায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম আহবায়ক অমিত রায়, ফরিদপুর জেলার সমন্বয়ক নীলিমা দোলা, জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ফরিদপুর ১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী হাসিবুর রহমান অপু, ফরিদপুর জেলার যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ, যুগ্ম সমন্বয়ক সাইফ হাসান খাঁন সাকিব এবং ফরিদপুর জেলা এনসিপির শ্রমিক উইংস মো. মেহেদী হাসান, ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. সোহেল রানা প্রমুখ।
পদযাত্রা ও পথসভায় দলের নেতারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, রাজনৈতিক কর্মসূচি এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।