
বোয়ালমারী প্রতিনিধি: ‘যুবকদেরকে মেধার ভিত্তিতে কাজে লাগানোর জন্য সুন্দর পরিকল্পনা দরকার। কিন্তু যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই। যুবকদের উন্নয়নে কোনো বরাদ্দ আমরা বাজেটে দেখিনি। বিশাল এই জনগোষ্ঠীকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়।’ আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত যুব র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ড. প্রফেসর ইলিয়াস মোল্লা এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমাদের স্কুল কলেজের পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে। কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ বা দলীয় রাজনীতি ঢুকতে দেওয়া যাবে না। ২৪ শের জুলাই আন্দোলনে যুবকরাই অগ্রণী ভূমিকা রেখেছে। সরকার নানাভাবে তাদের অবহেলা করছে।’
বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বোয়ালমারী উপজেলা ও পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘তারুণ্যের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন! দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত যুব র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিকেল সাড়ে ৫টার দিকে বোয়ালমারীর ছোলনা সালামিয়া মাদ্রাসা থেকে একটি যুব র্যালী বের হয়ে পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোয়ালমারী চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার যুবক ও নেতাকর্মীরা অংশ নেন।
এসময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান, সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী, উপজেলা জামায়াতের যুব বিভাগের আহ্বায়ক মাহামুদুল হাসান, সেক্রেটারি গিয়াস উদ্দিন, পৌর আহ্বায়ক মুশফিকুর রহিম, সেক্রেটারি আব্দুল কাদেরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।