
ফরিদপুর প্রতিনিধি # ফরিদপুরের বহুল আলোচিত “পর্দা কেলেঙ্কারি” মামলার দায় থেকে অব্যাহতি পেয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. শেখ আবদুল ফাত্তাহ এবং সাবেক সহযোগী অধ্যাপক ডা. মো: মিজানুর রহমানসহ ৬ অভিযুক্ত।
আজ ৬ এপ্রিল ২০২৬ ফরিদপুরের বিজ্ঞ বিশেষ জজ আদালতে এই মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানি শেষে বিজ্ঞ আদালত ৬ জন আসামীকে অব্যাহতি দেন এবং বাকি ৬ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
অব্যাহতিপ্রাপ্ত অন্যান্য আসামীরা হলেন মো: ওমর ফারুক, মো: আলমগীর ফকির, মো: আবদুস সাত্তার ও মিয়া মোর্তজা হোসেন।
যারা অব্যাহতি পাননি, তারা হচ্ছেন – ঠিকাদার আবদুল্লাহ আল মামুন, মুন্সি ফররুখ হোসেন, মুন্সি সাজ্জাদ হোসেন, মো: আলমগীর কবির এবং ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক শিক্ষক ডা. বরুণ কান্তি বিশ্বাস ও ডা. মো: এনামুল হক।
এই মামলায় আজ অব্যাহতিপ্রাপ্ত আসামীদের পক্ষে শুনানিতে অংশ নেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের আইনজীবী এডভোকেট টি এম শাকিল হাসান, হাইকোর্ট বিভাগের এড. আরফান সুলতানা ও টি এম আবিদ হাসান এবং ফরিদপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী এড. এম এ সামাদ। দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি, সিনিয়র এডভোকেট শেখ কুবাদ হোসেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহুল আলোচিত ‘পর্দা কেলেঙ্কারি’ হলো ২০১৯-২০ সালে সংঘটিত একটি বড় ধরণের আর্থিক কেলেঙ্কারি । এতে প্রতিটি পর্দা ৩৭.৫ লাখ টাকা এবং প্রতিটি স্টেথোস্কোপ ১.১২ লাখ টাকায় কিনে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদক এ মামলাটি দায়ের করে। #