
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রোববার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের কার্যক্রম শুরু হয়।একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মো. ছালাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শওকত আলী, নির্বাহী প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এ্যাড. কোরবান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জায় সাহা, কৃষকদলের সভাপতি লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ বিল্লাল হোসেন, পৌর জামায়াতে ইসলামীর আমীর সৈয়দ নিয়ামুল হাসান।
সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। পারস্পরিক সহযোগিতা, আস্থা ও ঐক্যের ভিত্তিতে সমবায় কার্যক্রম পরিচালিত হলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে। দেশের উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।