
বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী মুন্সি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সকল সদস্যদের নিয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মুন্সি সিরাজুল ইসলাম। সভাটির সার্বিক পরিচালনায় ছিলেন কমিটির সদস্য সচিব মিসেস উম্মে সালমা।
পরিচিতি সভায় নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। কমিটির উপস্থিত সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ রেজাউল মোল্লা, সদস্য আনোয়ার হোসেন, লোকমান হোসেন (ইউপি সদস্য), চান (হাইস্কুল প্রতিনিধি), মো. কামাল হোসেন (শিক্ষক প্রতিনিধি), গনেশ চন্দ্র, রাজিয়া বেগম প্রমুখ।
বিদ্যালয়ের এই নতুন কমিটিকে শুভেচ্ছা জানাতে সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান, হিরু মোল্লা, শেখ ঝিলু মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উন্নয়ন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত অগ্রগতিতে নতুন কমিটির অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। নবনির্বাচিত কমিটির সভাপতি মুন্সি সিরাজুল ইসলাম বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।