
নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাসভার উদ্যোগে আয়োজিত পূজা পরিক্রমার অংশ হিসেবে ফরিদপুরের সাতৈর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু মহাসভার ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ও ২ নম্বর সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল সরকার। এ সময় তাঁর সঙ্গে সাতৈর ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গতকাল মহা অষ্টমীর দিন পূজা পরিক্রমায় তাঁরা সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজার, রামদিয়া বাবু বাড়ি, রামদিয়া কর্মকার পাড়া, মজুরদিয়া নমঃশূদ্র পাড়া, বেরাদী বিশ্বাস পাড়া, সাতৈর বাজার, সাতৈর সাহা পাড়া ও শেলাহাটি সাহা পাড়াসহ মোট ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে দুলাল সরকার পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটি, আয়োজক এবং উপস্থিত ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করেন তিনি।
উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশে শুভেচ্ছা বার্তা প্রদানকালে দুলাল সরকার শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নম্বর সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি স্থানীয় ভোটারদের কাছে ভোট ও সমর্থন কামনা করেন।
বাংলাদেশ হিন্দু মহাসভার পক্ষ থেকে আয়োজিত এ পূজা পরিক্রমার মাধ্যমে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নেতৃবৃন্দের যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদানের এ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ ও ভক্তদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।