
মোঃ শাহিদুল ইসলাম: ঘর আলোকিত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। ঝড়-বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়া—কোনো কিছুই তাঁদের দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াতে পারছে না। গ্রাহকদের বিদ্যুৎ-ভোগান্তি কমাতে দিন-রাত মাঠে কাজ করছেন তাঁরা।
ফরিদপুরের আলফাডাঙ্গায় টানা তিন দিনের বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্নসহ নানা সমস্যা দেখা দিয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধান করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দিন-রাত পরিশ্রম করছেন পল্লী বিদ্যুতের কর্মীরা।
এ বিষয়ে আলফাডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আশীষ কুমার রায় বলেন, ‘বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে কিছু সমস্যা দেখা দিয়েছে। গ্রাহকদের ভোগান্তি যাতে দীর্ঘস্থায়ী না হয়, সে জন্য আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। দ্রুত সমস্যাগুলো সমাধান করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি নিজেও বিদ্যুৎকর্মীদের সঙ্গে মাঠপর্যায়ে থেকে কাজ করছি। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কোথাও বিদ্যুতের সমস্যা দেখা দিলে দ্রুত সেখানে গিয়ে তা সমাধানের চেষ্টা করছি। গ্রাহকদের দুর্ভোগ কমানো এবং নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’
বিদ্যুৎকর্মীদের এমন দায়িত্বশীলতা ও নিরলস পরিশ্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় গ্রাহকরা। তাঁদের প্রত্যাশা, দ্রুত সব সমস্যার সমাধান হয়ে স্বাভাবিক হবে বিদ্যুৎ সরবরাহ।