
বোয়ালমারী প্রতিনিধি: ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’—ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বোরহান মাহমুদ। তিনি কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার এই পদত্যাগ ও পরবর্তী বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে বোরহান মাহমুদ নিজের ফেসবুক আইডিতে ব্যক্তিগত ছবি সংযুক্ত করে স্বেচ্ছায় পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন। সেখানে তিনি উপজেলা পর্যায়ের পদ ছেড়ে আরও বড় পরিসরে রাজনীতিতে সক্রিয় হওয়ার আগ্রহের কথা জানান।
এরপর বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ফেসবুক লাইভে এসে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার বিরুদ্ধে দল ধ্বংসের অভিযোগ তোলেন বোরহান। লাইভে তিনি সঞ্জয় সাহাকে উদ্দেশ করে বেশ কিছু আক্রমণাত্মক ও বিতর্কিত মন্তব্য করেন।
পদত্যাগের কারণ জানতে চাইলে বুধবার বিকেলে মুঠোফোনে বোরহান মাহমুদ বলেন, ‘আমি স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছি। সম্প্রতি আওয়ামী লীগ নেতা ও দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাকে মবকারী আখ্যা দিয়েছেন। এ কারণেই আমি পদ ছেড়েছি।’
তবে বোরহান মাহমুদের পদত্যাগ ও সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বোরহান কিছুদিন তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করলেও সম্প্রতি কিছু ‘বিশৃঙ্খল কর্মকাণ্ডে’ জড়িয়ে পড়ায় তাকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
খন্দকার নাসিরুল ইসলাম আরও উল্লেখ করেন, গত দুই-তিন দিন ধরে বোরহান দলের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে ‘আজেবাজে কথা’ বলে দলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। দল থেকে পদত্যাগ করা এবং জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কটূক্তিকারী ওই ব্যক্তির সঙ্গে দলের কোনো নেতাকর্মীকে যোগাযোগ না রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বোরহানের সঙ্গে তারও কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত সম্পর্ক থাকবে না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা ব্যক্তিগত আক্রমণের বিষয়টি এড়িয়ে গিয়ে দলীয় শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, ‘বিএনপি একটি সুশৃঙ্খল ও বড় রাজনৈতিক দল। এখানে কারও ব্যক্তিগত উচ্চাভিলাষ বা বিশৃঙ্খল কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা বিএনপি সব সময় কঠোর অবস্থানে রয়েছে। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’ তবে এখনও লিখিত কোনা পদত্যাগপত্র হাতে পায়নি।